রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৫৯ পিএম

বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের

সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়ে পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এই ধাপে মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাবেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন এবং কলেজের ৮৭ হাজার ৮০৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, শিগগিরই এই শিক্ষকদের টাকা তাদের নিজ নিজ ব্যাংকে পৌঁছে যাবে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং মন্ত্রণালয়ের অনুমোদনের পরই জিও জারি করা হয়।

মন্ত্রণালয় সূত্র মতে, ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২৬) এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী কর্মরত। গত ২০ নভেম্বর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি দেওয়া হয়েছিল। এতে সাড়ে ৭ শতাংশ চলতি মাস থেকে এবং বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অর্থ বিভাগের অনুমোদন অনুসারে ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ হারে ভাতা কার্যকর হবে। এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—পরবর্তী বেতনস্কেলে সুবিধা সমন্বয় করতে হবে, নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে এবং ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দেওয়া হবে না। এছাড়া ভাতা দিতে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং ব্যয়ে অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।