সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আসিফ-মাহফুজের পদত্যাগ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৩৬ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আসিফ-মাহফুজের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এই দুই ছাত্রনেতা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপদেষ্টা পরিষদে থাকাকালে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল ২৩ জন, যার মধ্য থেকে এই দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, গতকাল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা একটি বৈঠকে মিলিত হন এবং সেখানেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উত্থাপিত হয়। এরপর সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করছেন।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের জন্য একবার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তখন আরও সময় চেয়েছিলেন। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সে ক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। পরে গত মাসের মাঝামাঝি দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে আবারও তাদের তাগাদা দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে মোটামুটি একমত ছিলেন যে নির্বাচনের তপশিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা হিসেবে সরকারে থাকা উচিত হবে না। তারা নির্বাচনে অংশগ্রহণ করুন বা না করুন, তাদের পদত্যাগ করা অপরিহার্য ছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান।

এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান এবং আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যুক্ত হন।