ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:০২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আলোচিত ছাত্রনেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আগের ৭ দিনের রিমান্ড শেষে কবিরকে আদালতে হাজির করেন।
মামলার অধিকতর তদন্ত এবং হত্যাকাণ্ডের নেপথ্য তথ্য উদ্ধারের জন্য তিনি কবিরকে আবারও ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন।
শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। দীর্ঘদিন দেশে ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
এই হত্যাকাণ্ডের প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের প্রধান সহযোগী হিসেবে কবিরের নাম উঠে আসে। এরপর গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। ডিবির ধারণা, কবিরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল মোটিভ এবং অন্য সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন