ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:০৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা এই প্রস্তাব উত্থাপন করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সারা দেশের ডিসি, এসপি, ডিআইজি এবং বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বিভিন্ন জেলার পুলিশ সুপাররা (এসপি) বলেন, বর্তমান পরিস্থিতিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী দমনে পুলিশ নিরলস কাজ করছে।
তবে কার্যকর ভূমিকা রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশেরও সীমিত পরিসরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা প্রয়োজন। এছাড়া তারা বিগত নির্বাচনগুলোতে পুলিশের বাজেটে বিদ্যমান বৈষম্য দূর করে এবারের নির্বাচনে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। কর্মকর্তাদের বক্তব্যে যানবাহন সংকট, জনবল বৃদ্ধি এবং দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
অন্যদিকে, জেলা প্রশাসকরা (ডিসি) বৈধ অস্ত্র জমা দেওয়া ও অবৈধ অস্ত্র রিকভারির ক্ষেত্রে নির্বাচন কমিশনের জোরালো সহায়তা চান। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া অনেক উপজেলায় গাড়ি সংকটের কথা জানিয়ে তারা দ্রুত নতুন যানবাহন বরাদ্দের দাবি জানান। সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদার এবং গণভোটের প্রচারের সময় বাড়ানোর বিষয়েও সভায় বিশদ আলোচনা হয়।
সিইসি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, কমিশন তা সক্রিয়ভাবে বিবেচনা করবে। তবে কর্মকর্তাদের আইনের শাসনের মধ্যে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন