বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৪৬ পিএম

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ‘নতুন ব্রিজ’ এলাকায় সড়ক অবরোধ করেছে সংগঠনটি। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে সংগঠনটির নেতাকর্মীরা নতুন ব্রিজ এলাকার গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচীতে অংশ নিয়েছেন।

কর্মসূচীতে নারীদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাদি হত্যার বিচার চাই’ এবং ‘দিল্লী না ঢাকা’ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।

এই অবরোধের ফলে চট্টগ্রাম নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আটকে আছে অসংখ্য বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে হাদি হত্যার সুনির্দিষ্ট বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের ঘোষণা না আসা পর্যন্ত এই অবরোধ চলবে। ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ‘‘ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আমরা শাটডাউন কর্মসূচিতে যাব।’’