ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:১১ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে উন্নীত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কাউন্সিলের এক বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নির্বাচন কেন্দ্রিক যেকোনো সাইবার হুমকি মোকাবিলায় আমাদের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন:
সব ধরনের সাইবার অপরাধ ও অনলাইন হ্যাকিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব, ভুল তথ্য (Misinformation) ও অপপ্রচার (Disinformation) ছড়ানো রোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসি-কে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সাইবার নিরাপত্তায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে এবং জনবলকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।ব্যাংকিং বা ফিনান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধ করে কেউ যাতে পার না পায়, সে বিষয়ে বিচার বিভাগের পাশাপাশি এজেন্সিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর জানান, ব্যাংকিং খাতের নিরাপত্তা বাড়াতে ‘সেক্টোরাল সার্ট (CERT)’ গঠনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।এছাড়া জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান “Cyber Incident Reporting and Response System” সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আইজিপি বাহারুল আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ প্রণয়নের পর ২৬ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ২৫ সদস্যের এই শক্তিশালী কাউন্সিল গঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন