বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ নিয়ে পরিকল্পিত মিথ‍্যাচার চালাচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০৫ পিএম

বাংলাদেশ নিয়ে পরিকল্পিত মিথ‍্যাচার চালাচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির এই মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় এবং এটি বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর ‘প্রাতিষ্ঠানিক নিপীড়ন’ হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এই ধরনের মিথ্যা বর্ণনা ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়াতে অপব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ এবং ভারতের মাটিতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনের বিরুদ্ধে উসকে দেওয়ার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, সে প্রসঙ্গে বাংলাদেশ সরকার জানিয়েছে, ওই ব্যক্তি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন।

চাঁদাবাজির সময় তাঁর নিজস্ব মুসলিম সহযোগীর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাধারণ অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা কেবল বাস্তবসম্মত নয়, বরং অত্যন্ত বিভ্রান্তিকর।

বিবৃতির শেষাংশে বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সরকার সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের তৎপরতা দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক আস্থার চেতনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।