বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বুধবার ছুটির আওতায় পড়বে না যেসব প্রতিষ্ঠান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:১২ পিএম

বুধবার ছুটির আওতায় পড়বে না যেসব প্রতিষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে ছুটির আওতার বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকা স্পষ্ট করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকলেও জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতায় পড়বে না।

বিশেষ করে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবার কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়া বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

একইভাবে হাসপাতাল ও সকল জরুরি চিকিৎসা সেবা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এই ছুটির আওতায় পড়বে না। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট এ বিষয়ে পৃথক ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসসমূহও এদিন খোলা থাকবে।