জানুয়ারি ৩, ২০২৬, ১১:৪০ এএম
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই নতুন কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে গিয়ে হত্যার বিচার নিশ্চিতে সংহতি ও সহযোগিতা কামনা করবেন।
বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদির খুনিদের শনাক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে হবে।
অন্যথায় কঠোর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। এরপর থেকেই বিচার দাবিতে নিয়মিত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি কোনো ব্যক্তি নন, বরং একটি আদর্শের নাম। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে তাদের লড়াই অব্যাহত থাকবে। ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে তারা দেশব্যাপী জনমত তৈরি করে সরকারকে বিচারের জন্য চাপ প্রয়োগ করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন