জানুয়ারি ৩, ২০২৬, ১১:৫৯ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মূলত ১ জানুয়ারি মেলা শুরুর কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় উদ্বোধন অনুষ্ঠান পিছিয়ে আজ নির্ধারণ করা হয়েছিল।
এবারের বাণিজ্য মেলায় দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ ১১টি দেশের প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ-বিদেশের উদ্যোক্তাদের মোট ৩২৪টি স্টলে বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় প্রবেশের জন্য সাধারণ দর্শনার্থীদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে বিশেষ সম্মাননা হিসেবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই অভ্যুত্থানে আহতরা সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করে সম্পূর্ণ বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে বলে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন