রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর মোবাইল নেটওয়ার্কে লক্ষ লক্ষ ক্লোন ও নকল আইএমইআই (IMEI) নম্বরযুক্ত হ্যান্ডসেটের উপস্থিতি শনাক্ত করেছে সরকার। তবে জনজীবনে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি এড়াতে এসব ডিভাইস এখনই বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব সন্দেহভাজন ডিভাইসকে বর্তমানে ‘গ্রে’ (Grey) ক্যাটাগরিতে ট্যাগ করা হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে নেটওয়ার্কে ‘১১১...’, ‘০০০...’ বা ‘৯৯৯...’-এর মতো অস্বাভাবিক প্যাটার্নের কয়েক কোটি আইএমইআই সক্রিয় রয়েছে।

শুধু ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’ নম্বরটির বিপরীতেই ৩ কোটি ৯১ লাখেরও বেশি সংযোগ পাওয়া গেছে। এসব ডিভাইসের কোনো রেডিয়েশন টেস্ট বা নিরাপত্তা যাচাই করা হয়নি, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তা সত্ত্বেও, সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ সচল রাখতে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক ব্লক করার পরিবর্তে এগুলোকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।সরকারি পরিসংখ্যানে ডিজিটাল জালিয়াতির উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসে। এছাড়া ২০২৩ সালের ই-কেওয়াইসি জালিয়াতির ৮৫ শতাংশই ছিল অবৈধ বা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। প্রতি বছর লক্ষ লক্ষ ফোন চুরির ঘটনা ঘটলেও আইএমইআই ক্লোন থাকার কারণে সেগুলো উদ্ধার করা সম্ভব হয় না। এই চক্রের লাগাম টানতে ১ জানুয়ারি থেকে এনইআইআর ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করেছে সরকার, যার মাধ্যমে প্রতিটি ফোনের বৈধতা নিশ্চিত করা হবে।