রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৫:০২ পিএম

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার সম্পর্ক ভালো। আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। অন্য দেশগুলো আমাদের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, তা একান্তই তাদের বিষয়।

তবে নির্বাচন ইস্যুতে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ বা চাপ নেই।এ সময় আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গেও কথা বলেন তিনি। তৌহিদ হোসেন জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।

অভিযুক্তরা ভারতে অবস্থান করছে বলে তথ্য থাকলেও তাদের সুনির্দিষ্ট অবস্থান এখনো জানা যায়নি। নির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের গ্রেফতারের বিষয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়ো না করে স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা।