রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৫:১৩ পিএম

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

আলোচিত ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তাঁর দাবি, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যেই মূল অভিযুক্ত ফয়সালকে পরিকল্পিতভাবে জামিনে বের করা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ‘রহস্যময়’ তথ্য ও একাধিক প্রশ্ন উত্থাপন করেন।

জুমা তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, “এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা?

কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?” তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া কবির নামক ব্যক্তিটি হাদির ওপর প্রথম হামলার চেষ্টার সময় ফয়সালের সাথেই ছিল। ফলে কবিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলেও কেন তদন্তে অগ্রগতি নেই— তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টনে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়। এই হত্যাকাণ্ডের প্রকৃত কুশীলবদের খুঁজে বের করতে অনুসন্ধানী সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জুমা।