জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৬ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সাম্প্রতিক ভিডিওবার্তাটি পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।
ফয়সালের ভিডিওবার্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “এই মুহূর্তে ‘নো-কমেন্টস’। তবে ভিডিওটি আমরা নিবিড়ভাবে পরীক্ষা করছি।
পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেব।” উল্লেখ্য, হাদি হত্যাকাণ্ডের পর থেকেই মূল আসামি ফয়সাল পলাতক রয়েছেন এবং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিওবার্তা ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। তবে আমাদের জনবল ও সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। কোনো প্রার্থীর জীবনের ঝুঁকি কতটা, তা বিশেষ শাখা (এসবি) দিয়ে যাচাই করার পর প্রয়োজন অনুযায়ী গানম্যান বা নিরাপত্তা দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে।
পুলিশ প্রধান আরও স্পষ্ট করেন যে, বর্তমানে পুলিশের শীর্ষ অগ্রাধিকার হলো ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষা করা। সব জনবল যদি ব্যক্তিগত নিরাপত্তা বা গানম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, তবে ভোটকেন্দ্র পাহারা দেওয়া ও নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে সবকিছু ভারসাম্যপূর্ণভাবে পরিচালনার চেষ্টা করছে ডিএমপি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন