রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পোস্টাল ব্যালটের ছবি-ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৩৫ পিএম

পোস্টাল ব্যালটের ছবি-ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের এক জরুরি বার্তায় জানানো হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা একজন ভোটারের আইনগত দায়িত্ব।

কোনো ভোটার যদি তাঁর পূরণকৃত ব্যালট পেপারের ছবি বা ভিডিও চিত্র ফেসবুক, ইউটিউবসহ অন্য কোনো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, তবে তা নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।

এমন কর্মকাণ্ডের জন্য দণ্ডবিধির পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ওই ব্যক্তির এনআইডি কার্ড ব্লক করে দেওয়া হবে।ইসি আরও জানিয়েছে, পোস্টাল ভোটের মাধ্যমে সরকারি চাকুরিজীবী বা প্রবাসী ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় কমিশন শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি গ্রহণ করেছে। তাই এ ধরনের কোনো পোস্ট শেয়ার বা আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকল ভোটারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।