জানুয়ারি ৩, ২০২৬, ১০:১০ পিএম
হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং ‘জুলাই যোদ্ধা’ মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৫৭ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদীকে ১ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।
সংগঠনটি তাদের পোস্টে জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা ‘অস্পষ্ট ও অযৌক্তিক’ কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। সংগঠনটি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হবিগঞ্জের পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবি তুলেছে।
এ ঘটনার পর ছাত্র সমাজের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মাহদী হাসানকে মুক্তি না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন