জানুয়ারি ৪, ২০২৬, ১২:০২ পিএম
তীব্র শীতে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানীসহ সারা দেশ। এর প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় ৮টি ফ্লাইট ঢাকার পরিবর্তে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ সম্ভব না হওয়ায় ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছে।
এর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, ১টি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রানওয়ের দৃশ্যমানতা (Visibility) প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ফলে দীর্ঘ ৪ ঘণ্টা কোনো বিমান ঢাকা থেকে উড়াল দিতে পারেনি এবং নামতেও পারেনি। সকাল ৯টা ৫২ মিনিটে কুয়াশা কিছুটা কেটে দৃশ্যমানতা ৮০০ মিটারের ওপরে গেলে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
প্রতি বছরের মতো এবারও শীতকালে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) বা ল্যান্ডিং করার স্বয়ংক্রিয় প্রযুক্তির মান উন্নত না হওয়ায় এই সমস্যা প্রকট হচ্ছে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বারবার ফ্লাইট ডাইভার্ট হওয়ায় শিডিউল বিপর্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার দেশি-বিদেশি যাত্রী। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন সকালেও এমন ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন