রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না। সোমবার (৫ জানুয়ারি) ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সরাসরি বলেন, না, এই সরকারের সময় আমরা থার্ড টার্মিনাল চালু করতে পারব না।

টার্মিনালটি চালুর বিষয়ে সরকারের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি ছিল না উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, “থার্ড টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে মিটিং করেছি।

আমরা জাপানি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ দরকষাকষিও করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।উপদেষ্টা জানান, টার্মিনালটি সচল করার জন্য যে ধরনের পদ্ধতিগত ও কারিগরি প্রয়োজনীয়তা রয়েছে, বর্তমান সরকার সেগুলো সচল রাখার কাজে নিয়োজিত আছে। তবে এটি পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন এখন পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ও সেবার মান বহুগুণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল। বর্তমান সরকারের মেয়াদে এটি চালু না হওয়ার সংবাদে বিমান যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।