শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:২৬ পিএম

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

মূলত বিচার বিভাগীয় স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট ও মাজার গেট এলাকা। এছাড়া জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

উল্লিখিত সীমানার মধ্যে কোনো ধরনের মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা কিংবা গণজমায়েত আয়োজন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতেই পুলিশ এই হার্ডলাইন বেছে নিয়েছে।সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে রাজধানী জুড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে।

এই প্রেক্ষাপটে ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে যাতে প্রতিবাদের নামে যত্রতত্র সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করা না হয়। ডিএমপি কমিশনারের জারি করা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে বিচারালয় ও এর আশপাশের নিরাপত্তা বজায় রাখা এখন সময়ের দাবি। ১০ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।