শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৪ অধ্যাদেশ অনুমোদন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৯ পিএম

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৪ অধ্যাদেশ অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ গুরুত্বপূর্ণ চারটি অধ্যাদেশের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬।

এছাড়া বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগকে গুরুত্ব দিয়ে ডাটা লোকালাইজেশন বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেশে ডাটা সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে কেবল অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ক্লাউডভিত্তিক সেবায় বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মপরিধি আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে যেখানে থিয়েটার, চলচ্চিত্র, সংগীত ও চারুকলার পাশাপাশি নিউ মিডিয়া এবং কালচারাল ব্র্যান্ডিংয়ের মতো আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া একাডেমির বোর্ডে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিশেষ বিধান যুক্ত করা হয়েছে যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে।

অন্যদিকে ১৯৫৯ সালের পুরনো আইনকে যুগোপযোগী করে বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশনের নতুন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে যা বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করবে।পরিবেশ সুরক্ষায় এনডিসি-৩ এর মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

নিজস্ব সক্ষমতায় প্রায় ২৬.৭৪ মিলিয়ন টন এবং আন্তর্জাতিক সহায়তা পেলে মোট ৮৪.৯৭ মিলিয়ন টন নিঃসরণ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয় যে গত অর্থবছরে বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশন ৫৩ কোটি টাকা মুনাফা অর্জন করেছে যা দেশের অর্থনীতিতে আশাব্যঞ্জক অবদান রাখছে। ব্রিফিংয়ে প্রেস সচিবের সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।