সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন-পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১১:১০ পিএম

নির্বাচন-পরবর্তী কর্মসূচি জানালেন প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী সময়ে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকি আবের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান।

পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেসসচিব জানান যে বৈঠকে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে তার নির্বাচন-পরবর্তী ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন।

জবাবে ড. ইউনূস তিনটি সুনির্দিষ্ট খাতের ওপর গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। তার প্রথম লক্ষ্য হলো দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটানো। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য স্বাস্থ্যসেবা যেন সহজলভ্য হয় এবং প্রবাসীরা যেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শ বিনিময় করতে পারেন সেই ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেবেন তিনি।দ্বিতীয় পরিকল্পনা হিসেবে ড. ইউনূস তরুণ সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার কথা জানান।

তিনি দীর্ঘদিন ধরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে কার্যক্রম চালিয়ে আসছেন সেটি আরও বড় পরিসরে এবং প্রাতিষ্ঠানিকভাবে অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার তৃতীয় এবং অন্যতম প্রধান লক্ষ্য হলো তার বিশ্বব্যাপী স্বীকৃত ‘থ্রি জিরো’ উদ্যোগকে সফল করা। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের এই রূপকল্প বাস্তবায়নে তিনি সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়নমূলক কাজগুলো আরও জোরালোভাবে চালিয়ে যাবেন।

বৈঠকে ড. ইউনূস জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার দীর্ঘদিনের গভীর বন্ধুত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। আকি আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামক একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের প্রধান হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয় যে নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূস জাপান সফরে যাবেন। সেখানে তিনি ওশিয়ান রিসার্চ বা সামুদ্রিক গবেষণা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে এই খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন।