জানুয়ারি ২০, ২০২৬, ০৩:১৫ পিএম
দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে নতুন চারটি থানা স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বা নিকারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকারের ১১৯তম এবং প্রথম সভা। এই সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে যা মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর এবং নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ নামে দুটি পৃথক থানা স্থাপন করা হবে। আধুনিক নগরায়ণের কথা মাথায় রেখে এই এলাকায় নিরাপত্তার পরিধি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া পর্যটন ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারের মাতারবাড়ীতে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাবে সায় দিয়েছে কমিটি। এর ফলে বিশাল আয়তনের রায়পুরাবাসীর পুলিশি সেবা পাওয়া আরও সহজতর হবে।সভায় প্রধান উপদেষ্টার পাশাপাশি অর্থ উপদেষ্টা এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাসহ সরকারের মোট ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও সিনিয়র সচিব এই গুরুত্বপূর্ণ নিকার সভায় অংশ নেন। সরকারের শীর্ষ পর্যায়ের এই সভায় প্রশাসনিক সংস্কারের পাশাপাশি আরও কিছু কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা মূলত তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
প্রশাসনিক পুনর্বিন্যাসের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে বড় একটি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ কাজ করবে। সরকারি কাজের গতিশীলতা বাড়াতে এই বিভাজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং প্রশাসনিক চাহিদার কথা বিবেচনা করে সরকারের এই পদক্ষেপগুলো জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন