শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১২:১৫ পিএম

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

কোস্টারিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে এক অত্যন্ত সফল ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোস্টারিকাতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী দেশটির প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেস, ভাইস প্রেসিডেন্ট ড. মেরি মুনিভে আংগারমুলার এবং পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। 

এসব বৈঠকে তৈরি পোশাক ও ওষুধ শিল্পে বাণিজ্য বৃদ্ধি, জলবায়ু সহযোগিতা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ঐতিহাসিক ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনায় প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেসের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। 

প্রেসিডেন্ট চাভেস বিশ্বব্যাংকের কর্মকর্তা থাকাকালে ঢাকা সফরের স্মৃতিচারণ করেন এবং ড. ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। রাষ্ট্রদূত তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি ইতিবাচক সাড়া দেন।এর আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ড. মেরি মুনিভে আংগারমুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। ‘ইয়েলো হাউস’-এ পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 পরিচয়পত্র পেশের পর অনুষ্ঠিত বৈঠকে ব্যবসা-থেকে-ব্যবসা যোগাযোগ জোরদার এবং বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত সান হোসেতে অবস্থিত ‍‍`MEDIGRAY‍‍` নামের একটি ওষুধ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান পরিদর্শন করে বাংলাদেশের আন্তর্জাতিক মানের ওষুধের প্রসারে গুরুত্বারোপ করেন।ভাইস প্রেসিডেন্ট ড. মেরি মুনিভে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। 

তিনি উল্লেখ করেন যে, উভয় দেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের এক বড় পরীক্ষা। পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত ২০৩১-২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের প্রশংসা করেন এবং পারস্পরিক সমর্থনের আশ্বাস দেন। এছাড়া রাষ্ট্রদূত কোস্টারিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও কুশল বিনিময় করেন।