ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৩৫ এএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রার্থী, সমর্থক বা সাধারণ ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত রবিবার ৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।
নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।ইসির জারিকৃত ওই পরিপত্রে স্পষ্ট করা হয়েছে যে ভোটার বা প্রার্থীর সমর্থক কেউই মোবাইল ফোন সাথে নিয়ে কেন্দ্রের নির্ধারিত সীমানায় ঢুকতে পারবেন না।
তবে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন তিন ধরনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তারা হলেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ইনচার্জ এবং `নির্বাচন সুরক্ষা ২০২৬` অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন নির্দিষ্ট আনসার বা ভিডিপি সদস্য। এই ৩টি শ্রেণি ব্যতীত অন্য কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা নির্বাচনি বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে বলা হয়েছে যে আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধ এবং গোপনীয়তা রক্ষা করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে স্মার্টফোনের মাধ্যমে ব্যালট পেপারের ছবি তোলা বা নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিপূর্বেই এই নির্দেশনার কপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে যাতে তারা মাঠ পর্যায়ে এটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য যে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই মোবাইল ফোন সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন