বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

নির্বাচনের আগে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:৫৭ পিএম

নির্বাচনের আগে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পোহালেই আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হবে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। টানটান উত্তেজনা আর উৎসবমুখর পরিবেশের মধ্যে যখন দেশবাসী নতুন এক ভোরের অপেক্ষায়, ঠিক তখনই মহান আল্লাহর কাছে দেশের জন্য বিশেষ দোয়া চাইলেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। ছোট অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই পোস্টে তিনি লেখেন, “হে আল্লাহ, এই জমিনের জন্য তুমি কল্যাণের ফয়সালা করো।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এই আবেগঘন দোয়া ধর্মপ্রাণ ভোটার ও অনুসারীদের মনে গভীর রেখাপাত করেছে। মুহূর্তের মধ্যেই পোস্টটি হাজার হাজার মানুষ শেয়ার করে ‘আমিন’ ধ্বনিতে মুখরিত করেন কমেন্ট বক্স।

উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ শুধু একজন ধর্মীয় আলোচকই নন, বরং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তার গঠনমূলক ও মানবিক কার্যক্রমের জন্য তিনি সর্বমহলে সমাদৃত। এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি যে ‘গণভোট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, 

সেখানে তিনি ইতিবাচক পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। নির্বাচনের আগের রাতে তার এই কল্যাণকামী দোয়া ভোটারদের শান্তিপূর্ণ ও বিবেকপ্রসূত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন অনেকে।