ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:১৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অভিজ্ঞ এই রাজনীতিকের মন্ত্রিসভায় ফেরার খবরে তার নির্বাচনী এলাকা চাঁদপুরসহ রাজনৈতিক মহলে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আজ বিকেলেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন।
এহসানুল হক মিলন বাংলাদেশের শিক্ষা খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পাবলিক পরীক্ষাগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা দেশজুড়ে আলোচিত হয়েছিল। তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাদার অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৮ সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন।রাজনৈতিক জীবনে মিলন ১৯৯৬ সালে প্রথমবার চাঁদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিউদ্দীন খান আলমগীরকে পরাজিত করে আবারও সংসদ সদস্য হন। দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার এই মাহেন্দ্রক্ষণে দল তাকে আবারও নীতিনির্ধারণী পর্যায়ে সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিকেলের শপথ অনুষ্ঠানের পর সন্ধ্যায় তার নির্দিষ্ট দপ্তরের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন