ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৭ পিএম
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রহরেই তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল তার অন্যতম প্রথম প্রকাশ্য কর্মসূচি। এ সময় তার সঙ্গে পরিবারের নিকটাত্মীয় এবং দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে তাকে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দেশি-বিদেশি অসংখ্য বিশিষ্ট অতিথি উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।এবারের শপথ অনুষ্ঠানের আয়োজনটিও ছিল ব্যতিক্রমী। প্রথা অনুযায়ী বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এবার তা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়।
শপথের আনুষ্ঠানিকতা সেরে এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান সরাসরি তার বাবা-মায়ের কবর জিয়ারত করতে যান। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সাড়ে তিন দশক পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তার এই যাত্রা এবং প্রথম প্রহরেই পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন