রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:৪৬ পিএম

পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

র‍্যাঙ্ক ব্যাজ পরাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর কার্যালয়ে অফিস করেছেন। সোমবার সকাল ৯টায় তিনি সেনানিবাসের এই দপ্তরে পৌঁছান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর প্রধানগণ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। 

সরকার প্রধান হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর এই প্রথম অফিস করাকে কেন্দ্র করে সেনানিবাসে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে।দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। 

পদোন্নতি পাওয়া এই দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করার মাধ্যমে তাঁরা তাঁদের নতুন পদমর্যাদায় অভিষিক্ত হলেন। 

এই আয়োজনের মধ্য দিয়ে দেশের সামরিক নেতৃত্বের উচ্চ পর্যায়ে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে।র‍্যাঙ্ক ব্যাজ প্রদান অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়া প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।