রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মানুষের কল্যাণে কাজ করার শপথ নিতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৩২ পিএম

মানুষের কল্যাণে কাজ করার শপথ নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষ অনেক বড় আশা ও প্রত্যাশা নিয়ে বর্তমানে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তিনি সকল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি যেন আমাদের প্রতিটি কর্মকাণ্ড এই দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়।

 শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান তার বক্তব্যে সম্প্রতি সম্পন্ন হওয়া জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা আবারও নতুন আঙ্গিকে শুরু হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার এই পর্যায়ে এসে মানুষের আস্থার প্রতি সম্মান জানানোই এখন সরকারের প্রধান লক্ষ্য। 

তিনি মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডই পারে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত করতে। এ সময় তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য জামায়াতে ইসলামীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, এমন একটি সংহতিমূলক আয়োজনে অংশ নিতে পেরে তিনি কৃতজ্ঞ। 

তিনি উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বলেন, দল ও মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশ ও মানুষের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই বক্তৃতায় ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি রূপরেখা ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।