মার্চ ১, ২০২৬, ০১:১৩ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে, ভারতীয় হাইকমিশনার সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকটি বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ হয়। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটিই বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকটিকে প্রাথমিকভাবে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নিরাপত্তা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা স্থান পেয়েছে।
বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া ভারতীয় আইটি সিস্টেমের উন্নয়ন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া সহজ করার মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, সেই বিষয়েও নীতিগত আলোচনা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই প্রথম বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে শান্তি বজায় রাখা এবং দুই দেশের নাগরিকদের যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল করতে ভিসা জটিলতা নিরসনের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীতে এ ধরনের আলোচনার মাধ্যমে দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের পথ আরও প্রশস্ত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন