মার্চ ১, ২০২৬, ০৩:৫৯ পিএম
দেশের স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছেন, পবিত্র রমজান মাসের পরপরই সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বা আরএফইডির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ইসি মাছউদ বলেন, কমিশন আশা করছে খুব শিগগির অর্থাৎ রমজান শেষ হওয়ার অব্যবহিত পরেই সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। তার আগে বেশ কিছু উপনির্বাচন রয়েছে যেগুলোর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
আসন্ন বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সারা বছর ব্যস্ত থাকবে বলে মন্তব্য করেন এই কমিশনার। তিনি জানান, আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন দায়বদ্ধ।
তবে আইন প্রণয়নের ক্ষমতা কমিশনের হাতে নেই বরং সেটি সংসদের এখতিয়ার। সংসদ নির্বাচনের বিষয়ে যে ধরনের আইন পাস করবে সেই অনুযায়ী একটি ভালো ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে। বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না সে বিষয়েও জাতীয় সংসদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে ইসি মাছউদ আরও বলেন, বিগত নির্বাচনে যেসব ঘাটতি ছিল সেগুলো কমিশন গুরুত্বের সাথে খতিয়ে দেখবে। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকার পরামর্শ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন