বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে

জাতীয় ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৮:৫০ এএম

যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে

দেশে তীব্র জ্বালানি ঘাটতি ও বিপণন ব্যবস্থায় নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রোববার রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগের কথা জানিয়েছে। সংগঠনটি বলছে, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, পাম্পগুলো সচল রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তেল সরবরাহকারী কোম্পানিগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি পাওয়া যাচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। পাম্পগুলোতে তেল নিতে আসা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা জনমনে অসন্তোষ তৈরি করছে। 

অন্যদিকে, সরবরাহ সংকটের কারণে পাম্পের কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। দীর্ঘ সময় বিরামহীন কাজ করার ফলে কর্মীরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে পাম্প কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে।

জ্বালানি বিপণন ও পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মালিকদের অভিযোগ, সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। প্রশাসনের নির্ধারিত নিয়ম মেনে তেল বিক্রি করতে গিয়ে পাম্প মালিকরা হিমশিম খাচ্ছেন। 

অনেক ক্ষেত্রে একই ব্যক্তি বারবার তেল নিতে আসায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো মহাসড়কে তেলবাহী ট্যাংকার চলাচলের নিরাপত্তা। ডিপো থেকে তেল পরিবহনের সময় বিভিন্ন স্থানে ট্যাংকার লুট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করছে সমিতি।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং পরিবহনের নিরাপত্তা নিশ্চিত না করলে বড় ধরনের সংকটের মুখে পড়বে দেশের পরিবহন ও কৃষি খাত। মালিক সমিতি হুঁশিয়ারি দিয়েছে যে, পর্যাপ্ত তেল সরবরাহ এবং পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না হলে যেকোনো মুহূর্তে সারা দেশের জ্বালানি বিপণন ব্যবস্থা স্থবির হয়ে যেতে পারে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে জনভোগান্তি লাঘব করা সম্ভব হয়।