মার্চ ২৭, ২০২৬, ০৮:০০ পিএম
সরকার জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে নতুন একটি কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে তেলের অবৈধ মজুদের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী ব্যক্তিদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানানো হয়েছে।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রুখতে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশের প্রতিটি জেলায় তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থা তদারকি করতে ইতিমধ্যে সরকারি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই বিশেষ টিমগুলো নিয়মিতভাবে বিভিন্ন পাম্প ও মজুত কেন্দ্রগুলো পরিদর্শন করবে। অবৈধ মজুতদারদের তথ্য প্রদানকারীদের জন্য শীঘ্রই আর্থিক বা বিশেষ সম্মানী পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সরকার বিশ্বাস করে, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অসাধু চক্রের এই অপতৎপরতা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষকে যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটলেও কিছু অসাধু ব্যবসায়ী ভবিষ্যতে অধিক মুনাফার আশায় তেল মজুত করছে বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে সরকারের এই নজরদারি ও পুরস্কারের ঘোষণা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। যারা নিয়মিত তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি এই তথ্য প্রদান পদ্ধতিটি কার্যকর ভূমিকা রাখবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন