মার্চ ৩০, ২০২৬, ১২:৩৪ পিএম
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে গত শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ২১ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
সেখানে তাকে লাইফ সাপোর্টে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।অধ্যাপক দিলারা হাফিজের বর্ণাঢ্য কর্মজীবন ছিল অত্যন্ত সফল। ১৯৪৯ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করা এই শিক্ষাবিদ ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি সরকারি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন