শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

জাতীয় ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৯:৫৭ এএম

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

গত বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই বার্তাটি পৌঁছে দেন। 

তিনি আবুধাবিতে আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর চিঠিটি তার হাতে তুলে দেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর পাঠানো এই বার্তার মূল উপজীব্য ছিল দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্ক ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যগুলো। বিশেষ করে টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার এই চিঠিতে ফুটে উঠেছে। বৈঠক চলাকালীন উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সংহতি এবং অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। 

বাংলাদেশের এই ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য আমিরাতের উপ-প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ জানান, বাংলাদেশ তাদের অন্যতম ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র। দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে তারা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। 

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যক্তিগত বার্তা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই অর্থনৈতিক শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও সুসংহত করবে।