রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘জুলাই সনদ’ ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদ

জাতীয় ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ০২:১৩ পিএম

‘জুলাই সনদ’ ইস্যুতে আজ উত্তপ্ত হতে পারে সংসদ

সংসদ অধিবেশন আজ

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ রোববার বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে পুনরায় শুরু হতে যাচ্ছে। দিনের নির্ধারিত কার্যসূচিতে প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব থাকার কথা রয়েছে। 

তবে সংসদীয় পর্যবেক্ষকদের মতে আজ অধিবেশনে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াতে পারে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টি। এই ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বড় ধরণের বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ নম্বর বিধি অনুযায়ী এই সনদ নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। 

প্রস্তাবটি পেশ করার সময় তিনি উল্লেখ করেন দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল হিসেবে এই ঐতিহাসিক সনদ অর্জিত হয়েছে। এটি মূলত একটি জাতীয় সমঝোতার দলিল যেখানে সংবিধানের আমূল পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে স্পিকার এই প্রস্তাবটিকে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করেছেন। 

তিনি কার্যপ্রণালি বিধির ৬৫ (২) নম্বর বিধি অনুযায়ী এ বিষয়ে আলোচনার অনুমতি দিয়েছেন। দিনের অন্যান্য দাপ্তরিক কাজ শেষে অধিবেশনের শেষ ভাগে এই সনদের ওপর অনধিক দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও একই ইস্যুতে একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন যার ওপর এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সংসদের আজকের এই অধিবেশনে ‘জুলাই সনদ’ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা রয়েছে। বিশেষ সংসদীয় কমিটি ইতিমধ্যে ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এই অধিবেশনে অনুমোদন না করার পক্ষে তাদের প্রাথমিক মতামত দিয়েছে। এর মধ্যে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং রাজস্ব নীতি ও ভ্যাট আইন সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। কমিটির মতে এই অধ্যাদেশগুলোর ওপর আরও পর্যালোচনার প্রয়োজন আছে।

একদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান এবং অন্যদিকে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর অনুমোদন আটকে যাওয়া—সব মিলিয়ে আজকের সংসদ অধিবেশন বেশ নাটকীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময়ও নির্ধারিত রয়েছে। বিকেলের এই অধিবেশনে সরকারের নীতিনির্ধারণী মহলে কী সিদ্ধান্ত আসে এখন সেটিই দেখার বিষয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকারের ভূমিকাও আজ বিশেষ নজর কাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।