এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২২ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি স্পষ্ট করে বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।"ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক এবং বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বা বর্তমান সরকার দেশকে বিক্রি করে বা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কখনোই কোনো চুক্তি করবে না। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজ করার বিষয়েও সুখবর দিয়েছেন হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত সরকার। এটি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও পুরোদমে চলছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে কৌতূহল থাকলেও উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সার্কভুক্ত (SAARC) দেশগুলোতে প্রথম সফর হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। বিষয়টি বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন আছে এবং শীঘ্রই এই সফরের রূপরেখা চূড়ান্ত হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের অবস্থানকে আরও সুসংহত করবে। একই সঙ্গে ভারতের সঙ্গে জ্বালানি ও ভিসা ইস্যুতে আলোচনার অগ্রগতি দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক বরফ গলার ইঙ্গিত দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন