বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৪:২৫ পিএম

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রীর এক্সপো উদ্বোধন

বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি ভুল ও অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করা এখন অন্যতম মৌলিক নাগরিক অধিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণাঙ্গ সুফল ঘরে তুলতে একটি আধুনিক ও জনবান্ধব নীতি কাঠামো এবং অবকাঠামোগত সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। 

তিনি বলেন, আমরা কিছুদিন আগেও গণমাধ্যম বলতে যা বুঝতাম, বর্তমান সময়ে তার সংজ্ঞায় এক বিরাট গুণগত পরিবর্তন এসেছে। এক সময় তথ্য প্রবাহের বাধা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তথ্যের অপব্যবহার।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, এখন অপতথ্য বা মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন থেকে সুরক্ষা পাওয়া সাধারণ মানুষের অধিকার। যদি সঠিক সুরক্ষা নিশ্চিত না করে কেবল অবাধ তথ্য প্রবাহ নিয়ে কাজ করা হয়, তবে তা সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তার মতে, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো ডিজিটাল ইকোসিস্টেমে একটি ভারসাম্যপূর্ণ ট্যাক্স কাঠামো নিশ্চিত করা।

অ্যানালগ মানসিকতা থেকে ডিজিটাল মনোজগতে পুরোপুরি প্রবেশ করতে না পারার কারণে অনেক সম্ভাবনা এখনো বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হচ্ছে বলে তিনি মনে করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আজাদ। এছাড়া অনুষ্ঠানে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিটি বিশেষজ্ঞ এবং দেশের ব্রডব্যান্ড খাতের শীর্ষ পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন।

 বক্তারা দেশে ইন্টারনেটের মান উন্নয়ন এবং প্রান্তিক পর্যায়ে নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। তারা মনে করেন, ডিজিটাল রূপান্তরের এই যুগে নিরাপত্তা ও নির্ভুল তথ্যই হবে আগামীর চালিকাশক্তি। সংশ্লিষ্ট উদ্যোক্তারা এক্সপোতে তাদের নতুন সব প্রযুক্তি ও সেবা সাধারণ দর্শনার্থীদের সামনে তুলে ধরেন।