বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১০:২০ এএম

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানে বড় পরিবর্তন এসেছে। বৈশ্বিক এই সূচকে বাংলাদেশের পাসপোর্ট গত বছরের তুলনায় দুই ধাপ পিছিয়ে বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে। তবে এই নতুন তালিকা অনুযায়ী বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারীরা বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের বিশেষ সুযোগ পাবেন। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন তালিকায় বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে যে ৩৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যাওয়া যাবে, তার মধ্যে রয়েছে— বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, 

নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। তবে এসব দেশের সবগুলোতে সরাসরি প্রবেশের সুযোগ নেই; কিছু ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে হবে এবং কয়েকটির ক্ষেত্রে ই-ভিসার প্রয়োজন পড়বে।

বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের সূচকেও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা সবচেয়ে বেশি সংখ্যক দেশে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং চতুর্থ অবস্থানে যৌথভাবে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলো।

এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ও ভারত বাংলাদেশের চেয়ে সূচকে অনেক এগিয়ে থাকলেও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে। এই সূচকটি মূলত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়, যা নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীদের ভ্রমণের স্বাধীনতার চিত্র তুলে ধরে। বাংলাদেশের পাসপোর্টের অবস্থান কিছুটা পিছিয়ে গেলেও ৩৬টি দেশে এই প্রবেশাধিকার ভ্রমণপিপাসুদের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।