এপ্রিল ১৮, ২০২৬, ০১:০৬ পিএম
স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য দূর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত দুটি সরকার জনস্বাস্থ্যের অত্যন্ত সংবেদনশীল ইস্যু ‘হামের টিকা’ নিয়ে চরম অবহেলা করেছে উল্লেখ করে তিনি একে একটি ক্ষমাহীন অপরাধ হিসেবে অভিহিত করেন।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু অতীতে দেখা গেছে, যথাসময়ে হামের টিকা না দেওয়ার ফলে দেশের অনেক শিশু স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপ ও বিশেষ প্রচেষ্টায় হামের সেই ভয়াবহ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাতের এই উন্নতির ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত এই সম্মেলনের আয়োজন করা হয়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের অভিজ্ঞতা শোনা এবং সরকারের নতুন লক্ষ্যমাত্রাগুলো তাঁদের জানানোই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। এ সময় প্রধানমন্ত্রী নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত থেকে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র তুলে ধরেন। এ ছাড়া সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের সেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আরও বেশি তৎপর হতে হবে। এই সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য খাতে নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন