শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৯:৫১ এএম

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সকালে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিবৃতিতে এই নির্দেশনা প্রদান করা হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে এক টাকাও অতিরিক্ত আদায় করা যাবে না।বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দেশের সব অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলোকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। 

কোনো পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও বর্তমানে পরিবহন খাতের তীব্র সংকটের কথা তুলে ধরেছে মালিক সমিতি। বিবৃতিতে বলা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এর ফলে মালিকরা চরম লোকসানের মুখে পড়ছেন। এ ছাড়াও বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ির টায়ার, লুব্রিকেন্টসহ বিভিন্ন যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী, যা সাধারণ পরিবহন ব্যবসায়ীদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ছে।

এই উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন খাতকে নিশ্চিত লোকসান ও বিপর্যয় থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি। মালিকদের দাবি, বিআরটিএ-এর সাথে দ্রুত বৈঠকে বসে ব্যয় বিশ্লেষণের মাধ্যমে ভাড়ার নতুন হার নির্ধারণ করতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি না করছে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নির্ধারিত চার্ট অনুযায়ীই ভাড়া আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।