শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

দেশের কোথাও টানা ২ দিন লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

জাতীয় ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৫:৪১ পিএম

দেশের কোথাও টানা ২ দিন লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

সচল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় গত ২৮ ও ২৯ এপ্রিল সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়, ২৮ ও ২৯ এপ্রিল দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও লোডশেডিংয়ের খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং ঠিক সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।

একইভাবে ২৯ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট। সেই চাহিদার বিপরীতেও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের বার্তার বরাতে উল্লেখ করা হয়। চাহিদার সঙ্গে উৎপাদনের এই সমতা বজায় থাকায় টানা ৪৮ ঘণ্টা দেশ লোডশেডিং মুক্ত ছিল।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। তিনি বলেছিলেন, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি আরও ভালো হবে এবং লোডশেডিং পর্যায়ক্রমে কমে আসবে। তাঁর সেই বক্তব্যের পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে এই ইতিবাচক চিত্র দেখা গেল।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদার ওপর ভিত্তি করে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে। লোডশেডিং শূন্যের কোঠায় নামিয়ে আনতে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বর্তমান সরবরাহ ব্যবস্থা বজায় থাকলে আগামী দিনগুলোতেও সাধারণ মানুষকে বিদ্যুৎ নিয়ে দুর্ভোগে পড়তে হবে না বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।