সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ১২:১২ এএম

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি অধিবেশনে নিশ্চিত করেন।

নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁকে দীর্ঘ সময় বিদেশে থাকতে হয়েছে। বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও উন্নত পরিবেশ দেখে তাঁর মনে প্রশ্ন জেগেছিল বাংলাদেশের শিক্ষার্থীরা কবে এমন সুযোগ-সুবিধা পাবে। সেই অভিজ্ঞতা থেকেই দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার সংকল্প আরও দৃঢ় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আগে বিএনপি সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে এবং শিক্ষার প্রসার ঘটাতে এবার স্নাতক পর্যায় পর্যন্ত তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের নারী শিক্ষার হার ও গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিনামূল্যে শিক্ষার পাশাপাশি মেধাভিত্তিক উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও উৎসাহিত হয়, সেজন্য উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ আরও সুগম হবে।