মে ২, ২০২৬, ০৯:৪৮ এএম
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) এই সফরে তিনি দেশের খুদে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং সেখানে মোনাজাতে অংশ নেবেন। পরে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচির মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ মোট আটটি ডিসিপ্লিনে দেশের কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে।
সিলেটের জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। ক্রীড়া কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।
হযরত শাহজালাল (রহ.) দরগাহের খাদেম সামুন মাহমুদ খান জানান, এর আগে তাঁর বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এখানে এসেছিলেন। এখন তাঁর সন্তান প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, এতে তাঁরা অত্যন্ত আনন্দিত। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। জেলা ও মহানগরীর বিভিন্ন সড়ক তোরণ ও ব্যানারে সাজানো হয়েছে।
নিরাপত্তার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়টি বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। প্রধানমন্ত্রী আজ মাজার জিয়ারত ও নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন