মে ২, ২০২৬, ১১:১৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছে সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান এবং সেখানে জিয়ারত ও মোনাজাত সম্পন্ন করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।
সকাল থেকেই সিলেটে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তাঁর পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। জিয়ারত শেষে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের একটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী বা বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত বিশেষ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় যোগ দেবেন তারেক রহমান। সভা শেষে আজ বিকেলেই তাঁর বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে এবং ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। পুরো সফরজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন