মে ৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ইসি সূত্রে জানা গেছে, এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিন নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আদেশ আসে কি না, তা পর্যবেক্ষণ করবে কমিশন।
সন্ধ্যার মধ্যে নতুন কোনো তথ্য না এলে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মনিরা শারমিনের চিঠিতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ না থাকায় শুধু চিঠির ওপর ভিত্তি করে গেজেট আটকে রাখা সম্ভব নয়।
তিনি আরও জানান, মনিরা শারমিন তাঁর চিঠিতে শুনানির সুনির্দিষ্ট কোনো সময় বা তারিখ উল্লেখ করেননি। একটি গেজেট প্রকাশের প্রক্রিয়া অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না বলেই কমিশন সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে।গেজেট প্রকাশের পর যদি আদালত থেকে মনিরা শারমিনের পক্ষে কোনো আদেশ আসে, তবে কমিশনের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ জানান, আদালত থেকে কোনো আদেশ আনতে পারলে কমিশন অবশ্যই তা বিবেচনা করবে।
আদালতের আদেশের পর কমিশন কোনো আপিল করবে না, বরং সেই আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখন পর্যন্ত কোনো আদেশ দাখিল করা সম্ভব হয়নি। সন্ধ্যার মধ্যে আদালত থেকে নতুন কোনো নির্দেশনা না পৌঁছালে নুসরাত তাবাসসুমের নামেই সংরক্ষিত আসনের সদস্য হিসেবে গেজেট বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন