মে ৫, ২০২৬, ০৬:২৬ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার জানিয়েছেন, দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। এর মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক।
আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়, তখন তাদের আইসিইউ সাপোর্ট দেওয়া কঠিন হয়ে পড়ে। সরকার এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করা হয়েছে।
টিকা কার্যক্রমে সহায়তার জন্য ইউনিসেফ ও গ্যাভির পক্ষ থেকে আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া যক্ষ্মা রোগ শনাক্তকরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
শিক্ষা খাতের অগ্রগতি নিয়ে উপদেষ্টা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী বিতরণ শুরু হবে।
জ্বালানি মজুত প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। গত ২ মে তারিখের হিসাব অনুযায়ী, ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল এবং পর্যাপ্ত পরিমাণে অকটেন, পেট্রোল ও জেট ফুয়েল মজুত আছে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‘ফুয়েল পাস’ কার্যক্রম চলমান থাকবে।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি জানান, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোনো লোডশেডিং করতে হয়নি। তবে সঞ্চালন লাইনের ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিভ্রাট হতে পারে। তীব্র গরম পড়লে এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে এলএনজি প্রাপ্তিতে সমস্যা হলে কিছুটা লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে। এজন্য নাগরিকদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। সংবাদ শেষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন