মে ৮, ২০২৬, ০৭:৫৭ পিএম
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হলে কিছু পেনশনভোগীর মাসিক পেনশন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বৈশাখী ভাতা ও টিফিন ভাতার হার বাড়ানোর সুপারিশও এসেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের ক্ষেত্রে ১০০ শতাংশ বা দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কমিশন।
এ ছাড়া ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। নতুন প্রস্তাবে এই হার বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ রয়েছে প্রস্তাবে।সুপারিশ অনুযায়ী ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমানের ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ এসেছে।আর্থিক সংশ্লেষ বিবেচনা করে নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুনর্গঠিত পে কমিশন সুপারিশ চূড়ান্ত করার কাজ শুরু করেছে এবং দ্রুতই তা সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।অর্থ বিভাগের প্রাথমিক খসড়া অনুযায়ী, প্রথম ধাপে আগামী অর্থবছরের বাজেটে মূল বেতনের একটি অংশ কার্যকর করতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
তবে পুরো কাঠামো ও আনুষঙ্গিক সুবিধা ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন গত জানুয়ারিতে এসব সুপারিশ জমা দেয়। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করছে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন