মে ১২, ২০২৬, ১২:৩০ পিএম
হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা একটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে এবং টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না, তা তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হবে।
তদন্তে কোনো অপরাধ বা গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। একই সাথে হামের চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ব্রিফিংয়ে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন