মে ১৮, ২০২৬, ০৬:০৩ পিএম
বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে ৪টি নির্দিষ্ট খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। খাতগুলো হলো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং। সোমবার (১৮ মে) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার সপ্তম যৌথ কমিটির বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি এই আগ্রহের কথা জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি কর্মী নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। বর্তমানে ৪ লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি চলতি বছরে আরও বেশি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের আশা প্রকাশ করেন।
কাতারগামী কর্মীদের ও স্বাস্থ্য পরীক্ষা সহজ করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি।বৈঠকে কাতারকে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী হিসেবে আরও বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। জবাবে কাতারের শ্রমমন্ত্রী জানান বর্তমানে দেশটিতে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।
এর মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন। বিভাগীয় শহরগুলোতে কাতার ভিসা সেন্টার বাড়ানোর দাবিটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। বিষয়টি নিয়ে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন বলে কাতারের শ্রমমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন